ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তবে সিনেমার জন্য তিনি যতটা না আলোচিত, তার চেয়ে বেশি আলোচিত সিনেমার বাইরের বিভিন্ন কর্মকাণ্ডে। সর্বশেষ ডিগবাজি দিয়ে বেশ আলোচনায় রয়েছে শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক। সম্প্রতি দেশের বাইরেও অংশ নিয়েছেন বেশকিছু স্টেজ শোয়ে।
এদিকে এগিয়ে আসছে ঈদ-উল-আজহা। মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব মূলত পশু কোরবানিকে ঘিরে। আর প্রতিবছর কোরবানির ঈদের আগে বেশ আলোচনা চলে পশুর নাম নিয়ে। অনেকেই তার আদরের পশুটিকে পছন্দের বিভিন্ন নামে ডাকেন। এই তালিকায় আবার থাকে রুপালি জগতের তারকাদেরও নাম। সেই ধারবাহাকিতায় দেশের বিভিন্ন স্থানে মালিকরা তার গরুর নাম “জায়েদ খান” রেখেছেন বলেও খবর আসছে।
আর এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, সংবাদ সম্মেলনের আদলে কথা বলছেন জায়েদ খান। সঙ্গে রয়েছেন তার ভক্ত-অনুসারীরা। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে দেখা যায় জায়েদকে।
কোরাবানি পশুর নাম তার নামের সঙ্গে মিল রেখে রাখার প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।”
এ সময় জায়েদ খান বলেন, “আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।”
এ সময় নিজের গাড়ি থেকে কোরবানির জন্য কেনা ছাগল ছুটে যাওয়ার মজার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
এ বছর কোরবানির পশুর হাটে যাবেন কি-না, এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, “ডিপজল ভাই গাবতলী পশুর হাট ইজারা নিয়েছেন। তার সঙ্গে কথা হয়েছে। যদি সময় সুযোগ হয়, তাহলে নতুন অভিজ্ঞতা নেওযার জন্য ডিপজল ভাইয়ের সঙ্গে গাবতলীর হাটে যাব।”
প্রসঙ্গত, গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা “সোনার চর”। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।



