Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জায়েদ খান: বলিউডের অনেকের সঙ্গে বন্ধুত্ব আছে

অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য থেকে ফিরেই ভারতের মুম্বাই গেছেন জায়েদ খান

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ জায়েদ খান। বিনোদন ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে মন্তব্য করে প্রায় সময়ই আলোচনায় আসেন ঢাকাই সিনেমার এই নায়ক। “ভাইরাল” এই চিত্রনায়ক এখন আছেন ভারতের মুম্বাইয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “ট্রাভেলিং মুম্বাই।” বুধবার (১২ জুন) আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “গুড মর্নিং মুম্বাই।”

মুম্বাই যাওয়ার আগে অবশ্য অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে শো করে এসেছেন তিনি। দেশে ফিরেই আবার ভারতে যাওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম মুম্বাই। এ কারণে মন চাইলেই সেখানে বেড়াতে যাই। তবে এটা কোনো প্রফেশনাল কাজে নয়, একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, সাত দিন থাকব।”

বলিউডের অনেকের সঙ্গে জায়েদ খানের বন্ধুত্ব আছে বলেও জানালেন। তিনি বলেন, “মুম্বাইয়ে আমার অনেক বন্ধু থাকে। বলিউডের অনেকের সঙ্গেও বন্ধুত্ব আছে। সেখানে গেলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি।”

পাশাপাশি ঈদের শপিং করাও সেখানে যাওয়ার একটি কারণ বলে জানালেন জায়েদ খান। মুম্বাইয়ে অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন।

জায়েদ খান বলেন, “আমিও এখানে এলে শপিং করি। সাত দিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরব। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করব।”

ঈদের পর দুবাইয়ের একটি শোতে যাবেন বলেও জানান জায়েদ খান। সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন এই অভিনেতা।

   

About

Popular Links

x