গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে গোবিন্দর হাঁটুতে। গুরুতর আঘাত পেয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি। চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে অভিনেতার পা থেকে গুলি বের করতে সক্ষম হয়েছেন। গুলি বের করার পর কিছুটা আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।
সম্প্রতি অপরেশনের পর ভক্তদের উদ্দেশ্যে হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই তারকা। বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের সবার আশীর্বাদে ভালো আছি। ভুলবশত গুলি চলেছিল, অপারেশন করে গুলি বের করা হয়েছে। চিকিৎসক আর আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই। চিন্তা করবেন না আমার জন্য।”
জানা যায়, গোবিন্দ বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনি তার লাইসেন্স করা রিভলবার পরীক্ষা করছিলেন। তখনই হঠাৎ মিসফায়ার হয়। গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে মুম্বাইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতার অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দর অস্ত্রটি নিজেদের হেফাজতে নেয়। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, গোবিন্দ ৯০ দশকের সুপারস্টার। তিনি কমেডি চরিত্রে অভিনয়ের জন্যই জনপ্রিয়। গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তী অভিনীত “ডিস্কো ডান্সার” দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছেন, সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘণ্টার পর ঘণ্টা নাচের অনুশীলন করতেন। একসময় ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ পান। আশির দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি “ইলজাম” ও “লাভ ৮৬” মুক্তি পায়।



গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দ আইসিইউতে