Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মহানগর-৩’ না এলে রাজুতে অনশন!

  • ‘মহানগর-২’ এর শেষ দৃশ্যে হাজির হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য
  • ওসি হারুন চরিত্রে প্রশংসায় ভাসেন মোশাররফ করিম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

২০২১ সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় বাংলা ওয়েব সিরিজ “মহানগর”। আশফাক নিপুণ পরিচালিত থ্রিলার ড্রামা ঘরানার ওয়েব সিরিজটি মুক্তির পর ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দুই বাংলার দর্শক মহলে প্রশংসায় ভাসেন মোশাররফ করিম।

এরপর থেকে দর্শকরা অধীর আগ্রহে ছিলেন মহানগর এর দ্বিতীয় কিস্তি নিয়ে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছরের ২০ এপ্রিল হইচইয়ে মুক্তি পায় মহানগর-২। এরপর “মহানগর-৩” দেখার জন্য দর্শকরা ব্যাকুল হয়ে ওঠেন। তবে প্রায় ১৯ মাস পার হয়ে গেলেও “মহানগর-৩” নিয়ে তেমন কোনো আপডেট জানাননি নির্মাতা আশফাক নিপুণ। এর মধ্যেই শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন আবির নাজমুজ্জামান শিকদার নামে এক ব্যক্তি। সেই পোস্টটি শেয়ার করেছেন আশফাক নিপুণ নিজেই। এরপর সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।

অনেকটা রসিকতা করে আবির নাজমুজ্জামান শিকদার ওই পোস্টে লিখেছেন, “আশফাক নিপুণ যদি দ্রুত সময়ের মধ্যে মহানগর-৩ রিলিজ না করে, তাহলে রাজুতে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

আশফাক নিপুণ ওই পোস্টটি শেয়ার করার পর নেটিজেনদের অনেকেই এই দাবির সঙ্গে “সহমত” পোষণ করেন। একজন লিখেছেন, “মহানগর-৩ না আসলে বাংলা ব্লকেড কর্মসূচি দিব।” আরেকজন লিখেন, “রাজুতে অনশন, ডাকের অপেক্ষায় আছি।”’ আরেক নেটিজেন লিখেছেন, “রাজপথ ছাড়ি নাই, মহানগর-৩ চাই”।

নেটিজেনদের এসব মন্ত্যবে বেশিরভাগ ক্ষেত্রে রসিকতার সঙ্গে জবাব দিয়েছেন আশফাক নিপুণ। তবে “মহানগর-৩” আসবে কি-না সে বিষয়ে তিনি সেখানে কিছু স্পষ্ট করেননি।

উল্লেখ্য, “মহানগর-২” অনেকটাই অমিমাংসিত থেকে যায়। ওই সিজনে মুখ্য চরিত্র ওসি হারুনকে গুলিবিদ্ধ হতে দেখা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজটির ওসি হারুন খ্যাত মোশাররফ করিম “মহানগর-৩” প্রসঙ্গে বলেন, “বিষয়টি নিপুণই ভালো বলতে পারবে। কিন্তু আমি শুনছি যে এটা হবে।”

এদিকে, “মহানগর-২” এ সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করে শেষ দিকে “রজব আলী” চরিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি। শেষ দৃশ্যে অনিবার্ণের ক্যামিও জানান দিয়েছিল “মহানগর-৩” এর।

গত বছরের ২৩ এপ্রিল অনির্বাণ ভট্টাচার্য নিজের ইনস্টাগ্রামে রজব আলীর অবয়বে পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “গল্প এখানে শেষ হয়নি! দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি!”

এতে মহানগর ভক্তদের মাঝে বাড়তি আনন্দ যোগ হয়। সেই সঙ্গে প্রশ্ন দেখা দেয় মহানগরের তৃতীয় সিজনে ওসি হারুনের থাকা না থাকা নিয়ে।

   

About

Popular Links

x