Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাইটানিকের বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে রেকর্ড দাম

ইংল্যান্ডের ডেভাইজেস শহরে আয়োজিত নিলামে লাইফ জ্যাকেটটি ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

ইতিহাসের অন্যতম আলোচিত সামুদ্রিক দুর্ঘটনা আরএমএস টাইটানিককে ঘিরে মানুষের আগ্রহ আজও অটুট। তারই প্রমাণ মিলল সম্প্রতি এক নিলামে, যেখানে টাইটানিক থেকে বেঁচে ফেরা এক যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট বিক্রি হয়েছে রেকর্ড দামে।

ইংল্যান্ডের ডেভাইজেস শহরে আয়োজিত এক নিলামে লাইফ জ্যাকেটটি ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে (প্রায় ৯ লাখ ডলার) বিক্রি হয়। এটি ব্যবহার করেছিলেন প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল ফ্রাঙ্কাতেলি। বিশেষ এই জ্যাকেটটিতে তার পাশাপাশি একই লাইফবোটে বেঁচে ফেরা আরও কয়েকজন যাত্রীর স্বাক্ষরও রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

নিলামটি আয়োজন করে হেনরি অলড্রিজ অ্যান্ড সন। নিলামের আগে জ্যাকেটটির মূল্য ধরা হয়েছিল ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের মধ্যে। তবে শেষ পর্যন্ত অজ্ঞাতপরিচয় এক ক্রেতা ফোনে অংশ নিয়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে এটি কিনে নেন।

একই নিলামে টাইটানিকের একটি লাইফবোটের সিট কুশনও ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে বিক্রি হয়। এটি কিনেছেন যুক্তরাষ্ট্রের টেনেসির পিজন ফোর্জ এবং মিসৌরির ব্র্যানসনে শহরে অবস্থিত টাইটানিক জাদুঘরের মালিকরা।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, “এই উচ্চমূল্য প্রমাণ করে যে টাইটানিকের গল্প এখনও মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে। তিনি মনে করেন, এসব স্মারক কেবল বস্তু নয় এগুলো সেই মানুষগুলোর জীবনের স্মৃতি, যারা এই ট্র্যাজেডির অংশ ছিলেন।

প্রসঙ্গত, ১৯১২ সালের ১৫ এপ্রিল ইংল্যান্ড থেকে নিউইয়র্কগামী প্রথম যাত্রায় আরএমএস টাইটানিক উত্তর আটলান্টিকে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। প্রায় ২,২০০ যাত্রী ও ক্রুর মধ্যে ১,৫০০ জনেরও বেশি প্রাণ হারান।

লরা ফ্রাঙ্কাতেলি তখন ভ্রমণ করছিলেন তার নিয়োগকর্তা, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার লুসি ডাফ গর্ডন এবং লুসির স্বামী কসমো ডাফ গর্ডনের সঙ্গে। তারা তিনজনই টাইটানিকের ১ নম্বর লাইফবোটে চড়ে বেঁচে ফিরতে সক্ষম হন। ৪০ জন যাত্রী ধারণক্ষমতা থাকা সত্ত্বেও ওই লাইফবোটটি মাত্র ১২ জন নিয়ে পানিতে নামানো হয়েছিলএবং পানিতে ভাসমান অন্যদের উদ্ধার না করায় ঘটনাটি সমালোচিত হয়।

টাইটানিকের স্মারকের প্রতি মানুষের আকর্ষণ যে এখনও তুঙ্গে, এই নিলাম তারই প্রমাণ।

   

About

Popular Links

x