https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/05/thakurgaon-storm-1558153782662.jpg

কালবৈশাখী ঝড়: ঠাকুরগাঁওয়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বাংলাদেশ

কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

১৭ মে, শুক্রবার বিকেলে উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। 

মাত্র চার থেকে পাঁচ মিনিটের ঝড়ে ওই গ্রামের  অনীল চন্দ্র, সুধির ঘোষ, নূর হক, খেলাফত, কান্দরু ,শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুল করিম, আব্দুর রহিম, ঋষিকান্তসহ অনেকের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।

এ ছাড়া ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা; বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ,নষ্ট হয়েছে আম, লিচু,ধানসহ বিভিন্ন ফসল।  

শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, “হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাংরোড গ্রামে ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; এরমধ্যে ১০টি পরিবার একেবারেই নিঃস্ব হয়ে গেছে।”

ঝড়ে ক্ষতিগ্রস্ত অনীল চন্দ্র বলেন, হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়টি কয়েক মিনিট স্থায়ী হলেও সবকিছু লণ্ডভণ্ড করে যায়।

আব্দুল করিম বলেন, ঝড়ের আঘাতে আমার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। লিচুগাছসহ গ্রামের  সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে।

এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাইকে  সহায়তা দেওয়া হবে।”