বাতিল হবে না মুক্তিযোদ্ধা কোটা: প্রধানমন্ত্রী
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাদ যাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২৩ জুলাই) গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র মতে বিষয়টি জানা গেছে।
সূত্র মতে, বৈঠকে সরকারি চাকুরির কোটা বাতিল বা সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংরক্ষণ নিয়ে উচ্চ আদালতের রায় ও সরকারের গঠিত কমিটির প্রসঙ্গ সামনে আনেন।
তিনি জানান, আমরা কোটা সংস্কার চাই। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, কোটা বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। সেটি আমাদের বিবেচনায় নিতে হবে। মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া যাবে না। এ কোটা বহাল রেখে দরকার হলে অন্য সব কোটা বাতিল করা হবে।
সুত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী কোটাবিরোধী আন্দোলন এবং এ বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর ভূমিকার কঠোর সমালোচনা করেন বলে জানা গেছে। আরও জানা যায়, প্রধানমন্ত্রী কোটা বাতিল আন্দোলনের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী নারী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন।
এই বৈঠকে ছাত্রলীগের কমিটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এই বিষয়ে সময় দিতে পারছেন না বলে কিছু বিলম্ব হচ্ছে এমনটাই সুত্র জানিয়েছে।