https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/01/web-home-minister-asaduzzaman-khan-kamal-file-photo-focus-bangla-14-11-2018-1542202417666-1548234283788.jpg

স্বরাষ্ট্রমন্ত্রী: কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেওয়া হবে না

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

দুর্নীতিবাজ যেই হোক, কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, দুর্নীতিবাজ জনপ্রতিনিধি হোক আর প্রশাসনের লোক হোক— ছাড় দেওয়া হবে না। কারও বিরুদ্ধে অন্যায়, অপরাধ, দুর্নীতির অভিযোগ পেলে প্রমাণের ভিত্তিতে বিচারের মুখোমুখি করা হবে। যাদের বিরুদ্ধে আমরা অনৈতিক কাজের অভিযোগ পাচ্ছি, প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জি কে শামীম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, "জি কে শামীম কীভাবে সরকারি প্রজেক্টের কাজ পেয়েছে সেটি অন্যবিষয়। তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, সেই অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি করছি। তার বিরুদ্ধে আরও অভিযোগ থাকলে পর্যায়ক্রমে সেগুলোও খতিয়ে দেখা হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা দুর্নীতি করছে, নিয়ম ভঙ্গ করছে, ক্ষমতার অপব্যবহার করে কিছু ঘটানোর চেষ্টা করছে—তাদের নজরদারিতে রেখেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা ধরে রাখতে হলে টেকসই উন্নয়ন প্রয়োজন। আর টেকসই উন্নয়নের জন্য টেকসই শান্তি-স্থিতিশীলতা দরকার। এটা পেতে হলে টেকসই নিরাপত্তা দরকার। আমরা সেই নিরাপত্তার ব্যবস্থা করছি। যেখানে দুর্নীতিবাজ ও নিয়ম ভঙ্গকারী আছে, তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না। এটা আমাদের কমিটমেন্ট।"

জঙ্গিবাদ দমনের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, "প্রথমে আমরা জঙ্গিবাদ দমনে হিমশিম খাচ্ছিলাম। পরে এটাতেও সফল হয়েছি। এতে দেশের সর্বস্তরের মানুষ ও নতুন প্রজন্ম সহযোগিতা করেছে।"

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।