https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2018/05/puja-cheri-1527356745986.jpg

ফোক গানেও অনবদ্য সিয়াম-পূজা

বিনোদন ডেস্ক

বিনোদন

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ঈদের ছবি পোড়ামন-টুর এই গানটি প্রকাশ পেয়েছে গত সন্ধ্যায় (২৪ মে)। গেল ২০ ঘণ্টায় ইউটিউবে গানটি দেখা হয়েছে ১ লাখ বারেরও বেশি। কমেন্ট ঘরে চলছে সিয়াম-পূজার রোমান্টিক রসায়ন বন্দনা।

ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’— এমন সরল কথায় গানটি লিখেছেন লোকগানের অন্যতম গীতিকার শাহ আলম সরকার। আর এতে ফোক ঘরানার সুর বসিয়েছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন সময়ের দুই জনপ্রিয় শিল্পী কণা ও ইমরান।

গানটির কথা, সুর, কোরিওগ্রাফি, অ্যারেঞ্জমেন্ট, নাচ ও দৃশ্যের মেলবন্ধনে ওঠে এসেছে গ্রাম বাংলার রং-রূপ।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ক্যাপশন দেওয়া হয়েছে এভাবে, গ্রামের উৎসব দেখেছেন? জীবনানন্দের রূপসী বাংলা দেখেছেন? না দেখে থাকলে, দেখুন কত সুন্দর আমাদের এই দেশ! আছে সবুজ প্রান্তর আর নীলের খেলা, যা আপনার চোখ ও মনকে শান্তি দিবে। সাথে গ্রাম বাংলার মিষ্টি মধুর গান।

এর আগে পোড়ামন-টু এর প্রথম গান নাম্বার ওয়ান হিরো প্রকাশ হয়। নন্দিত নায়ক সালমান শাহকে উৎসর্গ করা গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

প্রযোজক আবদুল আজিজ জানান, পোড়ামন-টু মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজ, সাঈদ বাবু, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী প্রমুখ।