https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/10/edited-home-minister-1572088430818.jpg

স্বরাষ্ট্রমন্ত্রী: সিটি নির্বাচনের তারিখ পেছানোর বিষয়টি ইসির

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

ঢাকার দুই সিটি নির্বাচন এবং সরস্বতীপূজা একই দিনে পড়ায় নির্বাচন পেছানো হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নির্বাচন কমিশনেরই (ইসি) আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মধুবাগ এলাকায় শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।

মন্ত্রী বলেন, "সরস্বতীপূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনের। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।"

"আমরা শুধু ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করছি," উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি।

জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দায়িত্ববান হওয়ায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইসি’র তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে। একই দিনে সরস্বতীপূজা থাকায় হিন্দু সম্প্রদায়ের মাঝে নির্বাচনের এই তারিখ নিয়ে সমালোচনা ও ক্ষোভ দেওয়া দিয়েছে। কারণ বিদ্যার দেবী সরস্বতীর পূজা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়। অন্যদিকে, সিটি নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়। ফলে পূজা উদযাপন বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অনেকে।