https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/03/asaduzzaman-khan-kamal-new-0-1531643732498-1539106862963-1551458740860.jpg

স্বরাষ্ট্রমন্ত্রী: পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা

বাংলাদেশ

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগকে বিব্রত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় নতুন থানা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, "যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। শুধু পাপিয়া নয়, দুষ্কৃতকারীদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।"

এসময় দর্শনাকে থানায় রূপান্তরিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সীমান্তবর্তী হওয়ায় চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ জেলা। দর্শনা অন্যতম একটি স্থান। দর্শনাবাসীর প্রাণের দাবি অনুযায়ী, দর্শনাকে থানায় রূপান্তর করা হলো। খুব শিগগিরই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে।"

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি এবং হেফাজতের প্রতিহতের ঘোষণার প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, "অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন।"

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী এক জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা পৌরমেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতারা এসময় উপস্থিত ছিলেন।