https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/12/edited-mob-1575691320208.jpg

মোবাইল অপারেটরস: মোবাইল সেবায় কর বাড়ানো অর্থনীতির জন্য অমঙ্গলজনক

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

মোবাইলের মাধ্যমে পাওয়া সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না বলে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের মোবাইল টেলিফোন অপারেটরদের সংগঠন অ্যামটব।

অ্যামটবের মহাসচিব এসএম ফরহাদ বলেন, "করোনাভাইরাসে প্রাদুর্ভাবের সময় মোবাইল ও ইন্টারনেটই যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে। এরকম সময় এই করের বোঝা অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না।"

তিনি বলেন, "এই অতিরিক্ত করের বোঝা দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে উঠবে। এরফলে মোবাইল শিল্পখাত আরো দুর্বল হয়ে পড়বে।"

গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়ার ফলে মোবাইল কোম্পানিগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে জিডিপি'তে মোবাইল খাতের অবদানও ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যারফলে ফোনে ১০০ টাকা রিচার্জ করলে সরকারের কাছে কর হিসেবে যাবে প্রায় ২৫ টাকা যা এতদিন ছিল ২২ টাকার মত।

এরফলে মোবাইল ব্যবহারকারীদের ফোনে কথা বলার খরচ তো বাড়বেই, মোবাইল ইন্টারনেটের খরচও বাড়বে।

সরকারের এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন গত দুইমাসের বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারির কারণে দেশের অধিকাংশ মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত এবং ঘরে থেকে সময় কাটানোর জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেড়েছে।

একইসাথে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বর্তমানে বন্ধ থাকা দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো অনলাইনেই সম্পন্ন হচ্ছে। তাই একদিকে সরকার অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর ব্যাপারে উদ্বুদ্ধ করছে, অন্যদিকে ইন্টারনেটের খরচ বাড়িয়ে দিচ্ছে। এটিকে সরকারের “স্ববিরোধী সিদ্ধান্ত” বলেও মনে করছেন অনেকে।