লঞ্চডুবির ২৭ ঘণ্টা পর আরও এক মৃতদেহ উদ্ধার
আরিফুর রহমান রাব্বীবাংলাদেশ
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ২৭ ঘণ্টা পর আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টা ৪৮ মিনিটে ডুবে যাওয়া লঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতদেহটি একজন পুরুষের। তবে, তার পরিচয় এখনও জানা যায়নি। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন - বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর একজনকে উদ্ধার
এর আগে সোমবার সকালে ফরাশগঞ্জ ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চকে ধাক্কা দেয় ময়ূর-২ নামের একটি লঞ্চ। সংঘর্ষের সাথে সাথেই পানিতে ডুবে যায় মর্নিং বার্ড। সোমবার পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ৩২ জনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন - লঞ্চডুবির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফেরা কয়েক যাত্রী জানান যে লঞ্চটিতে প্রায় ৭০-৮০ জন মানুষ ছিলেন। তবে, যাত্রীর সংখ্যা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। উদ্ধারকারীরা বলছেন এখনও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে নদীর তলদেশ থেকে লঞ্চ মর্নিং বার্ডকে টেনে উপরে তোলা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক আবদুল হালিম ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “লঞ্চটিকে ওপরে তোলা হয়েছে। লঞ্চটিকে তীরে নিয়ে যাওয়া হবে এখন। তার আগে ডুবুরিরা লঞ্চের ভেতর আর কেউ আছে কিনা খুঁজে দেখবেন।”