স্বরাষ্ট্রমন্ত্রী: সাহেদ যত ক্ষমতাবানই হোক, তাকে আইনের আওতায় আনা হবে
বাসসবাংলাদেশ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাহেদ যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এতে তিনি যত ক্ষমতাবানই হোক না কেন তাকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাকে যে কোন মূল্যে আইনের আওতায় আনা হবে।” অপরাধ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়ার কোন প্রশ্নই আসে না বলেও জানান তিনি।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে ধরতে র্যাব-পুলিশ কাজ করছে, আশা করি খুব শিগগিরই তা জানাতে পারবো।”