মাথাপিছু আয় বেড়ে ২,০৬৪ ইউএস ডলার
ইব্রাহিম হাসান অভিঅর্থনীতি
করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে গেছে। তারপরও ২০১৯-২০ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ১৫৫ ইউএস ডলার বেড়ে দুই হাজার ৬৪ ডলার হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ইউএস ডলার। ২০১৯-২০ অর্থবছরে এটি ১৫৫ ইউএস ডলার বেড়ে দুই হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে ইউএস ডলারের দামের বিপরীতে টাকার মূল্যমানের হিসেবে বাংলাদেশি মুদ্রায় মানুষের মাথাপিছু আয় দাঁড়াচ্ছে বছরে ১ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ মাসে প্রায় ১৪ হাজার ৬০০ টাকা।
বিবিএস আরও জানায়, সদ্যবিদায়ী অর্থবছরে (২০১৯-২০) ৫.২৪% মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সংস্থাটির হিসেব অনুযায়ী, এর আগের অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫% জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।