পঞ্চগড়ে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকা!
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়বাংলাদেশ
পঞ্চগড়ে গত এক সপ্তাহে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে এখন ২৪০ থেকে ৩০০ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ না থাকা ও ব্যাপক চাহিদার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারী বিক্রেতারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাইকারী প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৩০ টাকায়। ওই মরিচই খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০টাকায়।
জেলার খোলাপাড়া পাইকারী বাজারের ব্যবসায়ী আজাদ হোসেন জানান, “স্থানীয় মরিচ না থাকায় আমাদের এখানে বগুড়া থেকে মরিচ আসে। সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিলে আমাদেরও দাম বাড়াতে হয়। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছিল ১৫০ টাকা। বর্তমানে প্রতি কেজি মরিচ ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি করছি।”
জেলা শহরের খুচরা ব্যবসায়ী আসিরুল ইসলাম জানান, “পাইকারী বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ থেকে ২৩০ টাকা দরে কিনেছি। জেলার বিভিন্ন হাটবাজারে ২৬০ টাকা থেকে ৩০০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী এলাকার রাজিউর রহমান নামে এক ক্রেতা জানান, “হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। বুধবার ১০০ গ্রাম কাঁচা মরিচ ৩০ টাকা দিয়ে কিনতে হয়েছে।
কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে দাম কমবে বলে মনে করছেন খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা।