স্বরাষ্ট্রমন্ত্রী: ইউএনও’র ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তাদের কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ইউএনও’র উপর হামলার ঘটনার তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটলো, তা জানতে কিছুটা সময় লাগবে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, সে কোন দলের নেতা অথবা জনপ্রতিনিধি কিংবা আমলাই হোক না কেন, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। এ ব্যাপারে কেউ ছাড় পাবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনরক্ষাকারীরা। এ ঘটনায় দু’জন আটক আছে। এ ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার “
উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীকে বেধে রেখে সন্ত্রাসীরা পিপিই পরিধান অবস্থায় বাসায় প্রবেশ করে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে বেধম আঘাত করে। বাসায় থাকা নির্বাহী কর্মকর্তার পিতা শেখ ওমর আলী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা বেদম প্রহার করে এবং তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, তার পিতা শেখ ওমর আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রাণালয়ের ব্যবস্থাপনায় ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন, “গতকাল বৃহস্পতিবার রাতে তার মাথার অস্ত্রপাচার করা হয়েছে। তিনি এখন অনেকটা আশঙ্কা মুক্ত রয়েছেন। অস্ত্রোপাচারের পর ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তিনি কথাও বলেছেন।”