https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/09/edited-salman-1568643844503.jpg

সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

২৪ বছর আগের এইদিনে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে নক্ষত্র সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া তুমুল জনপ্রিয় এ চিত্রনায়কের মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ রয়ে গেছে অজানাই। 

যদিও এ বছর ফেব্রুয়ারিতে বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়ক আত্মহত্যা করেছিলেন বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাটির তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নেয় পিবিআই। পুলিশের তদন্ত বিভাগের মতে,  মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতা ও চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্ক আত্মহত্যার অন্যতম কারণ।

তবে এ বিষয়টি মেনে নেয়নি, সালমান শাহ’র পরিবার। সালমান শাহ’র মায়ের আইনজীবীর দাবি, তাকে হত্যা করা হলেও, বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

১৯৯৩ সালে “কেয়ামত থেকে কেয়ামত” এর মা্ধ্যমে চলচ্চিত্রে আসা এ কিংবদন্তি অভিনেতা মাত্র তিনবছরেই একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রের মাধ্যমে মন জয় করেন অগণিত দর্শকের। 

প্রসঙ্গত,  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়কের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়া গুণী এ অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।