https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/01/amit-shah-gandhi-d-1548771043392.jpg

আবারও হাসপাতালে ভর্তি অমিত শাহ

ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবারও দেশটির রাজধানী  দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাওয়ায় সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে সামনে রেখে এ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস।

এরআগে, গত ৩১ আগস্ট কোভিড-১৯ এর জন্য ১৩ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

গত মাসের শুরুর দিকে ৫৫ বছর বয়সী এই বিজেপি নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ১৪ আগস্ট এক টুইট বার্তায় নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ জানান অমিত শাহ। সেসময় তিনি  চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে থাকবেন বলেও জানান।

এরপর গত ১৮ আগস্ট ক্লান্তি এবং শরীরের ব্যথা থাকায় তাকে এইমসে ভর্তি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ‘সুস্থ হয়ে উঠেছেন’ চিকিৎসকদের এমন বলার পর ভর্তি হওয়ার ১৩ দিন পর ৩১ আগস্ট তিনি হাসপাতাল ছাড়েন।

প্রসঙ্গত, ভারতে রবিবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন এবং মৃত্যু ৭৭ হাজার ৪৭২ জনে পৌঁছেছে।