https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/10/edited-home-minister-1572088430818.jpg

স্বরাষ্ট্রমন্ত্রী: নারী নির্যাতন ও ধর্ষণের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে

ইউএনবি

বাংলাদেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “আপনারা জানেন সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন বেড়ে যচ্ছে, কয়েকটি ঘটনা সবার চোখে পড়ছে। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশের সিদ্ধান্তটি এসেছে। নারী নির্যাতনে এখন সর্বোচ্চ শাস্তি ফাঁসি করা হয়েছে। আমরা আশা করি এসব ঘটনা এখন  কমে যাবে। ধর্ষণ ও নারী নির্যাতনের ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একসময় এসিড নিক্ষেপ নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু এর সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড হলো এবং তার কয়েকটি রায় কার্যকর হওয়ার পর এটি কমে গেছে। এখন ধর্ষণের শাস্তি ফাঁসি হওয়ায় আমরা আশা করি এটিও কমে যাবে।”

এসময় নারী নির্যাতনের ঘটনায় বিচারের দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিচারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন। বিচার সুষ্ঠু হওয়ার জন্য যা করা প্রয়োজন করছি। কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে খবর পেলে ব্যবস্থা নিচ্ছি। পুলিশের দক্ষতা সক্ষমতা বাড়াতে পিবিআই, সিআইডি তৈরি করেছি। পুলিশ না পারলে তাদের তদন্তের দায়িত্ব দায়িত্ব দিচ্ছি।”

“তদন্ত নিরপেক্ষ করতে যা দরকার করছি। বিচার আমাদের হাতে নয়, আদালত বিচারের সিদ্ধান্ত নেবে। তারাও কিন্তু দ্রত বিচারের বিষয়টি বলেছে,” যোগ করেন তিনি।