https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/10/b4-lead-1-1588681479440-1602521603261.jpg

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ কোটি

ইউএনবি

আন্তর্জাতিক

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী-বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। এছাড়া মৃতের সংখ্যা ১১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৩ জনে। এছাড়া কোভিড-১৯ এ মারা গেছেন ১১ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনও ব্যাপক হারে সেখানে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে মাত্র তিনদিন পর অনুষ্ঠিত হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রচারণা চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ৮৯ লাখ ৪৪ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ২৮ হাজার ৬৪৭ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮০ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৫২৭ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৪ লাখ ৯৪ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৬৯ জনের।

এছাড়া রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৪৬ জনে। মারা গেছেন ২৭ হাজার ১১১ জন। ফ্রান্সে আক্রান্ত ১৩ লাখ ২৭ হাজার ৮৫২ জন। মারা গেছেন ৩৬ হাজার ৫৮ জন।

এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোয় এখন পর্যন্ত ৯০ হাজার ৭৭৩ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ৪৫ জন এবং ইতালিতে ৩৮ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন।

বিশ্বে মোট সুস্থ ব্যক্তি

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৭ হাজার ৭২৩ ব্যক্তি।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। এছাড়া ব্রাজিলে ৪৯ লাখ ৬২ হাজার ৫৭৪, যুক্তরাষ্ট্রে ৩৫ লাখ ৫৪ হাজার ৩৩৬ জন ও রাশিয়ায় ১১ লাখ ৭৯ হাজার ৪৬৫ জন এই রোগ থেকে সুস্থ হয়েছেন।

বাংলাদেশ পরিস্থিতি

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৭৮%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৫২%। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫২৯ জন বা ৭৭.৯৫% এবং নারী ১ হাজার ৩৫৭ জন বা ২৩.০৫%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫%।

এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ২৮১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.৩৮%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।