https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/07/edited-mob-lynichig-1563710892740.jpg

স্ত্রী-স্বজনদের নির্যাতনে হাসপাতালে শিক্ষক

আল-মামুন সাগর, কুষ্টিয়া

বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে এক কলেজ শিক্ষককে তার স্ত্রী ও স্বজনেরা পিটিয়ে মারাত্মক আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত সোহরাব হোসেন সোহেল (৪৮) সোহরার দৌলতপুরের হোসেনাবাদ গ্রামের রুস্তম আলীর ছেলে এবং মহিষকুন্ডি ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক।

আহত সোহরাব হোসেন সোহেলের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রেবেকা পারভীন লিপির সাথে সামান্য কথা কাটাকাটির জের ধরে স্ত্রীর ছোট ভাই একরামুল হক, বোন জামাই খালেকসহ স্থানীয় কয়েকজন তাকে বেধড়ক মারধর করেছে।

তিনি বলেন, গত ৩০ অক্টোবর তার বড় মেয়ের বিবাহ সম্পন্ন হয়। আর্থিক অসচ্ছলতা কারণে ধার-কর্জ করে তিনি মেয়ের বিয়ে দেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী ভাইদের বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। ঘটনা ভিন্ন খাতে নিতে উল্টো ওই কলেজ শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে অভিযুক্তরা।

নিজের আত্মসম্মান বোধ আর চক্ষু লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে না বলে সোমবার রাত ১১টার দিকে গোপনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে চিকিৎসার জন্য ভর্তি হন। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে হাসপাতালের চিকিৎসক ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তিনি তার ওপর নির্যাতনের প্রকৃত ঘটনা খুলে বলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই কলেজ শিক্ষকের শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিছু আঘাত গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ওই শিক্ষকের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম এবং তাকে থানায় এসে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।