ধর্ষককে কাঁঠাল গাছে বেঁধে খবর দেওয়া হয় র্যাবকে
বিশ্বজিৎ দেব, জামালপুরবাংলাদেশ
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খলিল মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে আটক করে র্যাবের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অভিযুক্ত খলিল মিয়াকে আটক করে র্যাব-১৪ এর জামালপুরের আভিযানিক দল।
খলিল মিয়া ওই ইউনিয়নের আলী নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়িতে লোক না থাকার সুযোগ নিয়ে সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে কাঠমিস্ত্রি খলিল। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে হাতেনাতে খলিলকে আটক করে। পরে তাকে সারারাত বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে বেঁধে রেখে র্যাবকে খবর দেওয়া হয়।
পরে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত খলিলকে আটক করে র্যাব।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে অভিযুক্ত খলিলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে বাড়ির পাশে কাঁঠাল গাছে বেঁধে রেখেছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।