https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/11/befunky-collage-9-1606541171242.jpg

এবার করোনাভাইরাস আক্রান্ত হলো সিংহ!

ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের বার্সেলোনার চিড়িয়াখানায় এবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বনের রাজা সিংহ। এর আগে নিউইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনাভাইরাস আক্রান্ত হয়েছিল। তারা অবশ্য সুস্থও গিয়েছে।

তবে এবার বার্সেলোনার চিড়িয়াখানার তিনটি সিংহী ও একটা সিংহ আক্রান্ত হলো। তাদের দেখা-শোনার দায়িত্বে থাকা দুইজন চিড়িয়াখানা কর্মীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের কাছ থেকেই করোনাভাইরাস সিংহগুলোকে সংক্রামিত করেছে বলে মনে করা হচ্ছে।

আক্রান্ত তিন সিংহীর নাম জালা, নিমা ও রান রান। আর সিংহটির নাম কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনাভাইরাসের সামান্য লক্ষণ আছে।

সিংহদের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হলে বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করে। আক্রান্ত বাঘগুলিকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা জানতে চাওয়া হয়। বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনাভাইরাস চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়।

বার্সেলোনা চিড়িয়াখানার সিংহীগুলোর বয়স ১৬ বছর ও সিংহের বয়স চারবছর। তবে সিংহ বা সিংহীগুলো অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনাভাইরাস অন্য পশুর মধ্যে ছড়ায়নি, আর ছড়াবেও না।

চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানান, এই সিংহ বা সিংহীগুলোর থেকে কোনো দর্শনার্থীর করোনাভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কা নেই। কারণ, তাদেরকে দর্শনার্থীরা দূর থেকেই দেখে। তাছাড়া, সিংহ-সিংহীগুলো প্রায় সেরে উঠেছে বলেই দাবি করেছেন তিনি।