করোনাভাইরাস: আর্থিক প্রণোদনা পরিকল্পনার নির্দেশ
বাসসবাংলাদেশ
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় দফা প্রাদুর্ভাবকে (সেকেন্ড ওয়েভ) সামনে রেখে আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বুধবার (২৩ ডিসেম্বর) গণভবনে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চূড়ান্তকরণ সভায় এই নির্দেশনা প্রদান করেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, সভায় অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদেরকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “সকলের সঙ্গে সমৃদ্ধির পথে” স্লোগানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) চূড়ান্ত খসড়া উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
প্রধানমন্ত্রী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক পরিকল্পনাগুলো দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার স্ট্যাট্রেটিজি ও অ্যাকশন প্ল্যান আলাদাভাবে হাইলাটস করতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন সরকার প্রধান।
আগামী একনেক সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
সভায় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাব জেলে বন্দি থাকার সময় জেলে বসে দেশের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শক্তিশালী অভ্যন্তরিণ বাজার তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন সরকার প্রধান।