https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/10/edited-saurav-1571038983387.jpg

হৃদরোগী সৌরভের ‘স্বাস্থ্যকর’ তেলের বিজ্ঞাপন নিয়ে ট্রলের ছড়াছড়ি

ট্রিবিউন ডেস্ক

খেলা

গত বছর জানুয়ারিতে ভোজ্যতেল ফরচুন রাইস ব্র্যান অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। তারপর থেকে হৃদপিন্ড ভালো রাখতে স্বাস্থ্যকর তেলের বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল তাকে। 

বিজ্ঞাপনের একটি দৃশ্যে সৌরভ গাঙ্গুলিকে বলতে দেখা যায়, “ফরচুন রাইস ব্রান অয়েল, হৃদপিন্ড ভালো রাখে।”

কিন্তু গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। তারপর থেকেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনলাইনে শুরু হয় ‘ট্রল’, ছড়িয়ে বিভিন্নরকম ‘মিম’। 

ট্রলে বলা হচ্ছে, “সৌরভের বাড়িতে কি ফরচুন রাইস ব্র্যান ওয়েল দিয়ে রান্না হয় না, নাকি এই তেল আদৌ হৃদপিন্ডের যত্ন নেয় না”

এদিকে, অনলাইনে ট্রলের কারণে মাত্র কয়েকদিনের ব্যবধানেই ফরচুনের ব্র্যান্ড ভ্যালু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সামলাতে ফলে ফরচুনের প্রস্তুতকারক সংস্থা আদানি উইলমার সৌরভকে নিয়ে তৈরি সব বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করে দিয়েছে। 

বিজ্ঞাপন প্রচারের সাথে যুক্ত আদানি উইলমারের এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, “গাঙ্গুলির সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞাপনগুলো সব প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে।”

তিনি বলেন, অন্য একটি সংস্থাকে ফরচুনের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঠিক করবে, নতুন করে কী ধরনের প্রচারণা চালানো যায়। 

মঙ্গলবার হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, গত রবিবার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। গাঙ্গুলির অবস্থা এখন স্থিতিশীল ছিল এবং বুধবার তাকে অব্যাহতি দেওয়া হবে।