ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ৪ ফুটবলার নিহত
ট্রিবিউন ডেস্কআন্তর্জাতিক
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় চার ফুটবলারসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) দেশটির টোক্যান্টিনস থেকে গোয়েনিয়ার দিকে রওনা হওয়া বিমানটি রানওয়ে ছাড়ার পরমুহুর্তেই মাটিতে আছড়ে পড়লে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত চার ফুটবলার ব্রাজিলের চতুর্থ শ্রেণির ফুটবল ক্লাব পালমাসের হয়ে খেলতেন। নিহত অপর দু’জন হলেন—ওই ক্লাবের প্রেসিডেন্ট এবং বিমানের পাইলট।
ক্লাবের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত প্রেসিডেন্টের নাম লুকাশ মাইরা এবং ফুটবলাররা হলেন--লুকাস প্রেক্সিডেস, গিলহার্ম নো, রানুলে এবং মার্কাস মলিনারি।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়, "এই গভীর যন্ত্রণা ও হতাশার সময়ে, নিহতদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করুন।" তারা নিহতদের পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রাজিলে প্লেন দুর্ঘটনায় ফুটবলার নিহতের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে, ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপিকোয়েন্সের ১৯ জন খেলোয়াড় মেডেলিনে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার পথে কলম্বিয়াতে একটি দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনায় মোট ৭১ জন নিহত হয়েছিল।