৪ ফেব্রুয়ারির ভেতর গুগল প্লেতে আসছে ‘সুরক্ষা’
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনে সহায়ক অ্যাপ্লিকেশন 'সুরক্ষা' ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
রবিবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলোচনায় এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ.বি.এম খুরশিদ আলম।
তিনি বলেন, "আমাদের জানানো হয়েছে অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লেতে পাওয়া যাবে।" গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর থেকেই ভ্যাকসিন নিবন্ধন ওয়েবসাইট www.surokkha.gov.bd জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, "পর্যালোচনা পর্যায়ে উত্তীর্ণ হবার পরেই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্টোরে পাওয়া যাবে। যা আগামী চারদিনের মধ্যেই হতে পারে।"
অ্যাপ্লিকেশনটি আইওএস ডিভাইসেও ব্যবহার উপযোগী করে বানানো হয়েছে। তবে অ্যাপল অ্যাপ স্টোরে জমা দেওয়ার পূর্বে গুগল প্লে সংস্করণের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
খুরশিদ আলম রবিবার আরও জানান, "বেক্সিমকো রবিবার বা সোমবারের মধ্যে কোভিড -১৯ ভ্যাকসিনের বরাদ্দকৃত ডোজ দেশব্যাপী সরবরাহ করবে।
তবে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দু' এক দিনের মধ্যেই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর বাদে দেশের ৬১ জেলায় ভ্যাকসিন সরবরাহ করা হবে।
গত বছরের ৫ নভেম্বর, বাংলাদেশ সরকার, এসআইআই এবং বেক্সিমকো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা দ্বারা নির্মিত ভ্যাকসিন আমদানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছিল।
চলতি বছরের ২ জানুয়ারী ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) ভ্যাকসিনের প্রথম চালানের অনুমোদন করে।
যার ভিত্তিতে ২১ জানুয়ারী ভারত সরকারের উপহার হিসাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২ মিলিয়ন ডোজ পেয়েছিল। এটিই বাংলাদেশে প্রথম টিকা সরবরাহের চালান ছিল।
পরবর্তীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্রয়কৃত প্রথম ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে দেশে এসে পৌঁছেছিল।