https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/02/mm13-1568039613452-1612873550310.jpg

আসন্ন নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব

ট্রিবিউন ডেস্ক

খেলা

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ড সফরে না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করে ছুটি পেয়েছেন।

সফরে বাংলাদেশ স্বাগতিকদের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচে অংশ নেবে।  ম্যাচগুলো ডানেডিন, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পিতৃত্বকালীন ছুটি চেয়ে সাকিব আল হাসান বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছে। বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষে সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব।  ওয়ানডে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন তিনি।

টেস্টেও দুর্দান্ত প্রত্যাবর্তন হয় তার। প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন তিনি।  তবে ইনজুরির কারণে ম্যাচের বেশিরভাগ সময়ই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।  প্রথম ইনিংসে মাত্র ৬ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি।

বিসিবি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান।