আমাজনে পাওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ‘৩ গুণ বেশি’ সংক্রামক
রয়টার্সআন্তর্জাতিক
ব্রাজিলিয়ান আমাজনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসটি তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে, ভ্যাকসিনগুলো এখনও এর বিরুদ্ধে কার্যকর।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী কোনো তথ্য প্রমাণ না দিয়ে এমনটাই দাবি করেছেন।
সম্প্রতি দেখা যায় যে, ব্রাজিলের মানাউসের জঙ্গল শহরটি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ নিয়ে এক বিপর্যয়কর মহামারির সম্মুখীন হয়।
এরূপ পরিস্থিতিতে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডোয়ার্ডো পাজেলো সকলের রোষানলে পড়েন।
চাপের মুখে পড়ে তিনি আইনজীবীদের আশ্বস্ত করার চেষ্টা করে বলেন যে, "সাম্প্রতিক মাসগুলোর উত্থান অপ্রত্যাশিত হলেও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।"
তিনি দেশটির সিনেটের এক শুনানিতে বলেন, "একটি উচ্চাভিলাষী লক্ষ্যের অংশ হিসেবে আমরা এই বছরের জুনের মধ্যে দেশের অর্ধেক যোগ্য জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পরিকল্পনা করছি এবং বছরের শেষের দিকে বাকী অংশকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
ব্রাজিল প্রায় তিন সপ্তাহ আগে চীনের সিনোভাক বায়োটেক এবং ব্রিটেনের অ্যাসট্রাজেনেকা তৈরি টিকা দিয়ে তাদের টিকাদান প্রক্রিয়া শুরু করেছে।
তবে মানাউসে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাগুলির কার্যকারিতা কিভাবে বিশ্লেষণ করা হচ্ছে পাজেলো সেটি এখনও ব্যাখ্যা করেননি।
এ বিষয়ে তিনি বলেন, "ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা স্পষ্ট খবর পেয়েছি যে, ভ্যাকসিনগুলো এখনও করোনাভাইরাসের এই নতুন বৈশিষ্ট্যের বিরুদ্ধে কার্যকর। তবে এটি তিনগুণ বেশি সংক্রামক।"
সাও পাওলোতে অবস্থিত বাটানটান ইন্সটিটিউট, যা চীনা ভ্যাক্সিন পরীক্ষা ও উৎপাদনের জন্য সিনোভাকের সাথে অংশীদার হয়েছে, একটি বিবৃতিতে বলেছে যে, তারা মানাউস এর নতুন বৈশিষ্ট্যটি নিয়ে গবেষণা শুরু করেছে তবে ২ সপ্তাহ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না।
অপরদিকে, রিও ডি জেনিরোর ফিয়োক্রুজ বায়োমেডিকেল সেন্টার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাসট্রাজেনেকা টিকার ডোজগুলি পূরণ করতে কাজ করছে।
তারা জানিয়েছে যে, "আমরা আমাজনে পাওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে ব্রিটেনের ভ্যাক্সিনটির কার্যকারিতা সম্পর্কে অধ্যয়ন করছি। অক্সফোর্ডে নমুনা প্রেরণ করা হয়েছে এবং ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি।"