চা-বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান
আলি শাহরিয়ার আমিনখেলা
লিটন দাস ও মেহেদী মিরাজের কল্যাণে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ। চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। দ্বিতীয় সেশনে দুজনের যৌথ সংগ্রহ ৮১ রান।
ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা দারুণ ছিল দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের। নিজের ২২তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে আশার আলো দেখাচ্ছিলেন মুশফিক। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন মিঠুন। কিন্তু ১৩ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের বিপদে পড়ে বাংলাদেশ।
শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তার জোড়া শিকার সৌম্য ও শান্ত। ওপেনিংয়ে সুযোগ পেয়ে ব্যর্থ হলেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি তিনি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও মাত্র চার রান করে বিদায় নেন।