বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ৪
মো. নাজমুল হুদা নাসিম, বগুড়াবাংলাদেশ
বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে মাঝিরা ক্যান্টনমেন্ট চেকপোষ্টের সামনে বাসের ধাক্কায় জিএনজি থ্রি-হুইলার চালকসহ ৪ জন নিহত হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় শাওন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৩৯৩) পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ৩ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানাউল আনাম জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় সিএনজিটি শেরপুর থেকে বগুড়ার দিকে আসছিল। বগুড়ার শহাজানপুর উপজেলার মাঝিরায় ক্যান্টনমেন্টর চেকপোস্টের স্পিড ব্রেকারের সামনে সিএনজির গতি কমায়। এ সময় বাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক শাজাহনপুর উপজেলার শাহ জামালসহ (৩৪) তিন যাত্রী নিহত হয়। অপর এক সিএনজি যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নেয়ার পথে মারা যায়।
হাইওয়ে পুলিশ জানায়, নিহত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। চালক ছাড়া অপর এক যাত্রী হলো শাহজাহানপুর উপজেলার কালিদাস (৭২)। বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
ওসি বানাউল বানাউল আনাম জানান, “দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে। দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে আছে। ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”