ব্রহ্মপুত্রে বেঁধে রাখা হয়েছে বিশাল মাছ
বিশ্বজিৎ দেব, জামালপুরবাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ কিনে বিপাকে পড়েছেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদী থেকে বিশালাকার মাছটি ধরা পড়ে জেলেদের জালে।
মাছ ব্যবসায়ী সহিদুর রহমান জানান, শনিবার রাতে যমুনা নদীতে মাছ শিকারের সময় ১১০ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ২১ হাজার টাকায় কিনে নেন তিনি। মাছটি কিনে উপজেলার পুল্যাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে বেঁধে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ১ হাজার ৫০০ টাকা কেজি দরে কেউ কিনতে চাইলে ১ লাখ ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করার আশা করছেন তিনি। তবে বড় আকারের মাছ হওয়ায় আর ন্যায্য মূল্যে বিক্রয় করার মত ক্রেতা না পাওয়ায় এখনো মাছটি বিক্রি করতে পারেননি।
এদিকে বিশাল আকারের বাঘা আইড় মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে নদের পাড়ে।
দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, মাছটি গভীর পানির। আবহমান কাল থেকেই যমুনা ও তদসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এই মাছ দেখতে পাওয়া যায়।