https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/01/netflix-1578062395668.jpg

দর্শকদের জন্য নেটফ্লিক্সের ৪১ চমক!

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সিনেমা হল বন্ধ থাকায় বিনোদন জগত এখন অনেকটাই নেটফ্লিক্স, আইফ্লিক্স, অ্যামাজনমুখী। বর্তমানে সিনেমা হল খুলে গেলেও বিনোদন মাধ্যম হিসেবে জনপ্রিয়তা ধরে রাখতে সবধরনের চেষ্টাই করছে নেটফ্লিক্স কিংবা আইফ্লিক্সের মত ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মগুলো।

 এ লক্ষেই বুধবার (৩ মার্চ) ২০২১ সালের জন্য ৪১টি প্রজেক্টের ঘোষণা করেছে নেটফ্লিক্স । এর মধ্যে নতুন সিরিজ় আছে, তেমনই "দিল্লি ক্রাইম", "শি", "জামতারা", "মাসাবা মাসাবা", "লিটল থিংস"-এর মতো জনপ্রিয় সিরিজ়ের পরবর্তী পর্বও আছে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানিয়েছে, এ প্রজেক্টের আওতায় ওয়েব মুভির তালিকাও বেশ লম্বা। কপিল শর্মার ওয়েব শো-ও দেখতে পারবেন ভক্তরা।

শুধু তাই নয় করণ জোহরের সঙ্গে নেটফ্লিক্সের বড় চুক্তি হয়েছে। তিনি নতুন পাঁচটি শো ঘোষণা করেছেন এ দিন। মাধুরী দীক্ষিতের "ফাইন্ডিং অনামিকা", ফাতিমা সানা শেখ-জয়দীপ অহলওয়াতের "আজীব দাস্তানস", সানিয়া মালহোত্রার "মীনাক্ষী সুন্দরেশ্বর", ওশোর অনুগামী মা শীলাকে নিয়ে "সার্চিং ফর শীলা" এবং "ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস"-এর পরবর্তী সি‌জ়ন।

আবার টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে এ বার তাকে দেখা যাবে, "আরণ্যক"-এ। এই সিরি‌জ় দিয়েই ওয়েবে পা রাখছেন রাবিনা টেন্ডন। রাইমা সেন এই প্রথম বার কাজ করলেন আনুশকা শর্মার প্রোডাকশনে। আনুশকার নতুন সিরি‌জ় "মাই"-এ দেখা যাবে রাইমাকে। এই সিরিজ়ের প্রধান মুখ সাক্ষী তনওয়ার। 

সৃজিত মুখোপাধ্যায়ও ওটিটিতে তার প্রথম হিন্দি সিরিজ় নিয়ে আসছেন। সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে তৈরি সিরি‌জ় "রে"-র প্রথম লুক প্রকাশিত হয়েছে। সৃজিতের সিরিজ়ে রয়েছেন আলি ফজ়ল, কে কে মেনন, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।

নতুন সিরিজ়ের তালিকায় রয়েছে "বম্বে বেগমস", "ডিকাপলড", "ফিলস লাইক ইশক", "ইয়ে কালি কালি আঁখে" প্রভৃতি। অর্জুন কাপুর-রাকুল প্রীত সিংহের "সর্দার কা গ্র্যান্ডসন" এবং তাপসী পান্নু-বিক্রান্ত মেসির "হাসিন দিলরুবা"ও আসছে ওটিটি-তে।

ওটিটির দাপটে এক দিকে যেমন সিনেমা হল কোণঠাসা। অন্য দিকে এটাও ঠিক যে, বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ বেড়ে গিয়েছে ওটিটির কল্যাণে। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে নতুন মুখ নেওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। খোঁজ পড়ছে আঞ্চলিক শিল্পীদের। 

কেননা নেটফ্লিক্সের পশরায় কমেডি-লাভস্টোরি-থ্রিলার... সব রকমই রয়েছে। নেটফ্লিক্সের দেখাদেখি বাকি ওটিটি প্ল্যাটফর্মও খুব শীঘ্রই তাদের হাতের তাস দেখাবে বলে শোনা যাচ্ছে।