https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/02/vaccination-drive-mehedi-hasan-3-1612687410048-1612891705493.jpg

করোনাভাইরাসের টিকা নিলে কি রোজা ভেঙে যাবে?

ট্রিবিউন ডেস্ক

অন্যান্য

মাসখানেক বাদেই আসছে রমজান। মুসলিমদের কাছে পবিত্র এ মাসটি পালন করা হয় রোজা ও নানান ধর্মীয় নির্দেশনার মধ্য দিয়ে। পুরো বছর ধরেই তারা অপেক্ষা করেন রমজান মাসের জন্য। 

এদিকে বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস মহামারি। আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ, মৃত্যু হয়েছে লাখ লাখ। এর মধ্যে সুসংবাদ হলো-জীবনঘাতি এই ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে। আর তা চলে এসেছে বাংলাদেশের মানুষের জন্যও। 

ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। আসন্ন রমজানের মধ্যেও চলবে টিকাদান কার্যক্রম। সেক্ষেত্রে ইনজেকশন হিসেবে টিকা নিলে রোজা হবে কিনা-এ প্রশ্ন জাগছে অনেকের মনে। 

বিষয়টির একটি সমাধান দিয়েছেন দুবাইয়ের গ্রান্ড মুফতি শাইখ ড. আহমেদ বিন আবদুল আজিজ আল হাদ্দাদ। সংবাদমাধ্যম গালফ নিউজকে তিনি নিশ্চিত করেছেন, রোজা রাখা অবস্থায় টিকা নেওয়া যাবে। 

তিনি বলেন, ভ্যাকসিন রোজা ভাঙবে না কারণ এটি সূচের মাধ্যমে মাংসপেশীতে নেওয়া হচ্ছে।রোজা রাখা অবস্থায় নাক, মুখের মতো খোলা স্থান দিয়ে খাবার, পানি বা ওষুধ নেওয়া যাবে না। পাশাপাশি শিরার মাধ্যমেও এসব গ্রহণ করা যাবে না। 

সোয়াব টেস্টেও ভাঙবে না রোজা

করোনাভাইরাস শনাক্তে সোয়াব টেস্টের ফলে রোজা ভাঙবে না বলে জানিয়েছে দুবাইয়ের গ্রান্ড মুফতি। নাক বা রক্তের ফোটা থেকে সোয়াব টেস্ট করা যাবে। কারণ, সোয়াব টেস্টের ফলে শরীরের ভেতরে খাবার বা পানি জাতীয় কিছু প্রবেশ করে না। শুধু কিছু নমুনা এনে বাইরে পরীক্ষা করা হয়। 

ওষুধ খেলে সমস্যা হবে?

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে বমি, শরীরে ব্যাথা, জ্বর ইত্যাদি। সেক্ষেত্রে ওষুধ নেওয়ার প্রয়োজন হতে পারে। রোজা রাখা অবস্থায় বমি করা বা ওষুধ গ্রহণে নিষেধাজ্ঞা আছে। তবে হাদিসের বরাত দিয়ে আল হাদ্দাদ বলছেন, যেহেতু ভ্যাকসিন নেওয়া পর বমি হলে তা ইচ্ছাকৃত না, তাই রোজা ভাঙবে না। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ওষুধ খেতে হলে রোজা ভেঙে যাবে।