https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/04/a5f85bfb148ab90fbdaa71bd8c44f57c-1556523413057.jpg

বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা, বন্ধ হচ্ছে মাদ্রাসা

ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক

বোরকা পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। একইসঙ্গে বন্ধ করা হচ্ছে এক হাজারেও বেশি মাদ্রাসা। শনিবার (১৩ মার্চ) এ কথা জানান দেশটির এক মন্ত্রী। 

জননিরাপত্তা মন্ত্রী সারথ বীরাসেকেরা এক সংবাদ সম্মেলনে বলেন, "জাতীয় সুরক্ষা" নিশ্চিত করতে মুসলিম মহিলাদের দ্বারা পরিহিত পূর্ণ মুখঢাকা পোশাক নিষিদ্ধ করতে মন্ত্রিসভার অনুমোদনে শুক্রবার স্বাক্ষর করেছেন তিনি। 

"আমাদের দেশে পূর্বে মুসলিম নারীরা কখনও বোরকা পরতেন না" উল্লেখ করে তিনি বলেন, "এটি ধর্মীয় উগ্রবাদের একটি চিহ্ন, যা সাম্প্রতিককালে এসেছে। আমরা অবশ্যই এটি নিষিদ্ধ করব।"

এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে বোমা হামলায় আড়াই শতাধিক মানুষের মৃত্যু ঘটলে দেশটিতে সাময়িকভাবে বোরকা পরা নিষিদ্ধ করা হয়।

বীরাসেকেরা আরও জানান, "সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসা এবং ইসলামি স্কুল নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে।"

প্রতিষ্ঠানগুলো "জাতীয় শিক্ষানীতি নষ্ট করছে" বলে দাবি করে তিনি বলেন, "যে কেউ স্কুল খুলে বাচ্চাদের যা খুশি তা শেখাতে পারে না।"

তবে বোরকা ও মাদ্রাসার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো হঠাৎ করে আসে নি। 

গত বছর কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ মুসলিমদের তাদের ইচ্ছার বিরুদ্ধে দাহ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে সেই নিষেধাজ্ঞাটি এ বছরের শুরুতে প্রত্যাহার করা হয়।