https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/03/biman-1615896464705.jpeg

রাজশাহীতে আলুক্ষেতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

দুলাল আবদুল্লাহ, রাজশাহী

বাংলাদেশ

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের আলু ক্ষেতে আছড়ে পড়েছে একটি  প্রশিক্ষণ বিমান।  

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে। এসময় বিমানটিতে ছিলেন বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান ও  ক্যাডেট নাহিদ এরশাদ।

রাজশাহীর হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন জানান, বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানটি রাজশাহীর আকাশে উড়ছিল। এ সময় তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ক্ষেতে আছড়ে পড়ে। এতে বিমানটি উল্টে যায়। 

তিনি আরও বলেন, “প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট ও প্রশিক্ষণার্থী সামান্য আহত হয়েছেন। তবে তারা নিরাপদে বিমান থেকে বের হতে পেরেছেন। দুর্ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। 

এদিকে দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।

রাজশাহীর সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। 

তিনি আরও বলেন, "বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।"

এর আগে, গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে এবং বিমানে আগুন লাগে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন এবং গুরুতর আহত প্রশিক্ষক পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।