https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/09/unnamed-1567575614903.jpg

ঢামেকের কোভিড আইসিইউতে আগুন, স্থানান্তরের সময় নিহত ৩

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তরের সময় ৩ জনের মৃত্যু হয়েছে।ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা কাজী গোলাম মোস্তফা (৬৩)। তিনি গত ১২ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮), গত ৪ মার্চ ঢামেকে ভর্তি হন তিনি, তার বাড়ি মানিকগঞ্জ সদরে। কিশোর চন্দ্র রায় (৬৮), তার গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। গত ৯ মার্চ ঢামেক কোভিড ইউনিটের আইসিইউতে ভর্তি হন তিনি।   

নাজমুল হক জানান,  বুধবার সকাল আনুমানিক সোয়া আটটার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, ১২ ও ১৪ নম্বর সিটের পাশে মনিটরের কাছ থেকে এ আগুনের সুত্রপাত, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে, বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, করোনা ইউনিটের আইসিইউতে ছিলেন ১৪জন রোগী। এদের প্রত্যেকেই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয় তাদের। এসময় তিনজনের মৃত্যু হয়।