https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/03/untitled-1-1616051966929.jpg

পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট আদায়ের হুমকি চেয়ারম্যান প্রার্থীর

আবদুল আজিজ, কক্সবাজার

বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশকে “গুণ্ডা বাহিনী” আখ্যা দিয়ে তাদের দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেয়ার ঘোষণা দিয়েছেন শাহ আলম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী। 

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় প্রস্তুতিমূলক এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। তিনি সাবেক মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই। আসন্ন নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। 

বক্তব্যে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন,  নৌকা প্রতীক তার। শেখ হাসিনা তাকে ঘর থেকে ডেকে  নিয়ে নৌকা প্রতীক দেবেন। তিনি নৌকা প্রতীক নিয়ে অন্য কোনো মার্কায় ভোট দিতে দেবেন না। 

সভায় শাহ আলম লোকজনের উদ্দেশে বলেন, “পুলিশ কার? পুলিশ হচ্ছে সরকারের গুণ্ডা বাহিনী। সেই পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে ভোট আদায় করা হবে।”

নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম বলেন, তার ভাই প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। 

এই বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ন হয়েছে। 

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেছেন, নৌকার মনোনয়ন কে পাবে সেটি দলের নির্বাচনী বোর্ড ঠিক করবেন। বঙ্গবন্ধুর কন্যা দলিয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে এই ধরনের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত।  এই ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।

তিনি আরও বলেন, উখিয়াতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। জনগণ এমনিতেই নৌকায় ভোট দেবে।  স্থানীয় সরকার নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষে নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করার সুযোগ কাউকে দেয়া হবে না।

এদিকে পুলিশকে ইঙ্গিত করে করা মন্তব্য নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরুপ ও অশালীন মন্তব্য না করার জন্য তিনি অনুরোধ করেন।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।