সুদের টাকা না পেয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন
আবদুল আজিজ, কক্সবাজারবাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকা না পেয়ে এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালের একটি ভিডিওচিত্র মঙ্গলবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকায় ওই ঘটনাটি ঘটে। নির্যাতনকারী ও নির্যাতনের শিকার ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের মধ্যে জহির আলম (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওচিত্রটি গত মঙ্গলবার দুপুরে প্রত্যক্ষদর্শী কেউ একজন মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবুর রহমান জানান, ঘটনার মূলহোতা শওকত আলমকে ধরতে আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে শওকত আলমের বাবা জহির আলম তাকে পালিয়ে যেতে সহায়তা করে। পরে পুলিশ জহির আলমকে আটক করে।
এদিকে, এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, “এই অমানবিক ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।”
প্রসঙ্গত, মঙ্গলবার ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক নারীকে তারই শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে চুলের মুঠি ধরে মারধর করছেন এক যুবক। এ সময় ওই নারীর দেড় বছর বয়সী সন্তানকে মায়ের আঁচল ধরে কাঁদতে দেখা যায়।
নির্যাতনের শিকার ওই নারী জানান, তার দিনমজুর স্বামীর অসুস্থতায় চিকিৎসার জন্য এক বছর আগে একই এলাকার জহির আহমদের ছেলে মো. শওকতের কাছ থেকে চার হাজার টাকা ঋণ নেন তিনি। সেই টাকা সুদে-আসলে ১০ হাজার হয়েছে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকী দুই হাজার টাকা গত বৃহস্পতিবার ( ১১ মার্চ) দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তা দিতে না পারায় এই নির্যাতনের শিকার হতে হয়।