নিউজিল্যান্ডকে টাইগারদের ২৭১ রানের চ্যালেঞ্জ
ট্রিবিউন ডেস্কখেলা
স্বাগতিক নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মঙ্গলবার (২৩ মার্চ) ২৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক তামিম ইকবাল এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ মিঠুনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে সফরকারীরা।
তামিম ইকবাল রান আউট হওয়ার আগে ১০৮ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ রান করেন। মিঠুন ৫৭ বলে ২টি ছক্কা ও ৬টি চারে করেন ৭৩* রান।
এছাড়া মুশফিকুর রহিম ৩৪, সৌম্য সরকার ৩২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৭ রান।
নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ২টি এবং ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট লাভ করেন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন মাত্র ৪ রান। লিটন কোনো রান করতে পারেননি। এরপর দলের হাল ধরেন তামিম ও সৌম্য। তাদের জুটিতে আসে ৮১ রান। এছাড়া তামিমের সাথে মুশির ৪৮, মুশির সাথে মিঠুনের ৫১ এবং রিয়াদের সাথে মিঠুনের ৬৩ রানের জুটি বাংলাদেশের ফাইটিং স্কোর গড়তে ভূমিকা রাখে।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ব্লাক ক্যাপসরা।