রোহিঙ্গা ক্যাম্পে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ১১
আবদুল আজিজ, কক্সবাজারবাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আগুনে ১০ হাজারের বেশি বসতবাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৫ টারদিকে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, সকাল পর্যন্ত ৭ জনের পর আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১১ জনে দাড়িয়েছে।
সচিব মোহাম্মদ মহসিন বলেন, ঘটনায় শুধু ঘরবাড়ি নয়, পুড়েছে আইওম ও তুর্কি সরকারের দুটি বড় হাসপাতাল। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে। ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন - রোহিঙ্গা ক্যাম্পে আগুন: সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা
কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ হাজারেরও বেশি রোহিঙ্গাদের বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে দৌড়াদৌড়ি ও হুড়োহুড়িতে পড়ে হাজারো রোহিঙ্গা আহত হয়েছে। আগুনে সম্পূর্ণ বাড়ি ঘর পুড়ে যাওয়ায় ৪০ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে।
এদিকে আইএসসিজি এর কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তাফহিম জানিয়েছেন, কুতুপালং বালুখালী ক্যাম্পভিত্তিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তৈরি একটি শিটের হিসাব অনুসারে বালুখালির ক্যাম্প ৮-ইতে ঘরের সংখ্যা ৬ হাজার ২৫০ আর লোকসংখ্যা ২৯ হাজার ৪৭২ জন, ৮-ডব্লিউ ক্যাম্পে বাড়ি ৬ হাজার ৬১৩টি আর লোকসংখ্যা ৩০ হাজার ৭৪৩ জন, ক্যাম্প ৯-এ বাড়ি ৭ হাজার ২০০ টি আর লোকসংখ্যা ৩২ হাজার ৯৬৩ জন এবং ক্যাম্প ১০-এ বাড়ি ৬ হাজার ৩২০টি আর লোকসংখ্যা ২৯ হাজার ৭০৯ জন ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের গৃহহারা হাজার হাজার রোহিঙ্গা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন - কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন