১৩০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক
ট্রিবিউন ডেস্কটেক
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানো ও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার ঘটনা যেন দৈনন্দিন ঘটনায় রূপান্তরিত হয়ে গেছে। তবে ফেসবুক এবার কঠিন হাতে এটি দমন করতে ময়দানে নেমেছে।
সোমবার (২২ মার্চ) ফেসবুক ইঙ্ক জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা। ভুল এজন্য ৩৫ হাজারের বেশি মানুষ কাজ করছেন।
ফেসবুকের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা ভুল তথ্য বলা হয়েছে এমন কোভিড১৯ ও টিকাদানের ১.২ কোটির বেশি কনটেন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক।
প্রসঙ্গত, করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে মিথ্যা দাবি ও ষড়যন্ত্র ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও কোনও কিছু যাচাই না করেই তার ওপর বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছেন। করোনা মহামারির সময়ও একাধিক মিথ্যা ও ভুয়ো দাবি করে খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়েছে, হোয়াটসঅ্যাপে তা ফরোয়ার্ড হয়েছে। এর আগেই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যদি কোনও ভুল তথ্য প্রকাশিত হয়, তাহলে বাতিল করা হবে সেই লিঙ্কটি।
সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, ফেসবুক বিশ্বের সব চেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম। এখান থেকেই ব্যবহারকারীরা বিভিন্ন খবর পেয়ে থাকেন। তাই গ্রাহকদের প্রতি ফেসবুকের দায়বদ্ধতা রয়েছে। ভ্যাকসিন সম্পর্কে কোনও ভুল তথ্য তুলে দিয়ে জনগনকে বিব্রত করবে না ফেসবুক। এতে ফেসবুকের প্রতি মানুষের আস্থা কমে যাবে।