বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মো. নাজমুল হুদা নাসিম, বগুড়াবাংলাদেশ
বগুড়ার শেরপুর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও মির্জাপুরের নাদু মিয়া (৪০)।
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইন্সপেক্টর বানিউল আনাম ও শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে আবু সাঈদ ও নাদু মিয়া একটি মোটরবাইকে মির্জাপুর বাজার থেকে শেরপুর সদরে যাচ্ছিলেন। তারা শেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে ঢাকাগামী ট্রাক ও বগুড়াগামী কাভার্ডভ্যান মোটরবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী নাদু মারা যান। আহত আবু সাঈদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। রাত ৯টার দিকে তিনি বগুড়া শহরের একটি ক্লিনিকে মারা যান।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, টায়ার ফেটে যাওয়ায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।