https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/03/edited-brahmanbari3-1616923464317.jpg

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু, মোট নিহত ৬

মাসুদ আলম, কুমিল্লা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ নুরুল আমিন (২২) নামে আরও একজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে একই ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার নন্দনপুর এলাকায় ঘটা ওই সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ সময় আহত হন আরও ১৩ জন। 

নিহত ৫ জন হলেন-- নন্দনপুরের হারিয়া গ্রামের জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের সুজন মিয়া (২২), সদর উপজেলার কাউসার মিয়া (২৪) ও জোবায়ের (১৪)। 

আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


আরও পড়ুন - ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব


এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, "শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এবং আজ দুপুরে নুরুল আমিন নামে আরও একজন মারা গেছেন।"

কট্টর-ইসলামপন্থী দলটি শুক্রবার (২৬ মার্চ) চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভকারী কর্মীদের মৃত্যুর প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতাল শুরুর পর থেকে হেফাজত কর্মীরা দেশের কয়েকটি অঞ্চলে দাঙ্গা চালানো শুরু করে।