ইউরোপ থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
যুক্তরাজ্যসহ অন্যান্য ইউরোপের দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নতুন এই সিদ্ধান্ত সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এ বিষয়ে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে আগত ও বাংলাদেশ ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে (যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে)। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে যারা আসবে তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তারা বেবিচক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার অথবা নির্ধারিত হোটেলে থাকবেন। তবে এ ক্ষেত্রে হোটেলে থাকার খরচ যাত্রীদের বহন করতে হবে।
এছাড়া, অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর ও ফ্লাইটে সব যাত্রীকে মাস্ক পরতে হবে। এছাড়া যেসব বিমানের প্রতি সারিতে সিট তিনটি করে, সেই ফ্লাইটের মাঝের সিটের যাত্রীকে মাস্কের পাশাপাশি বাধ্যতামূলক ফেসশিল্ড পরতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম নিষিদ্ধসহ ১৮ দফা নতুন নির্দেশনা জারি করেছে সরকার।।