https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/04/copy-1024x630-1619686619947.jpg

করোনাভাইরাস ঠেকাতে লাঠি হাতে তুললেন নারীরা

ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক

করোনাভাইরাসে গোটা ভারত যখন বিপর্যস্ত তখন নিজেদের গ্রামকে মহামারি থেকে রক্ষা করার জন্য লাঠি হাতে তুলেছেন গ্রামের নারীরা। 

ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের বেতুল জেলার চিখালা গ্রামে। গ্রামটি কুখ্যাত ছিল মদ তৈরির জন্য। গ্রামের ৮৭টি পরিবারের প্রায় সবারই উপার্জনের একমাত্র উপায় ছিল মদ তৈরি ও বিক্রি। 

আর এখন সেই কুখ্যাত গ্রামটিই গোটা ভারতে পরিচিত হয়ে উঠেছে আদর্শ গ্রাম হিসেবে। কেননা এখনও সেখানে প্রবেশ করতে পারেনি করোনাভাইরাস। আর এর পুরো কৃতিত্ব গ্রামের নারীদের। ৪৭৬ জনের গ্রামটিতে নারীর সংখ্যা ২৪০ জন। 

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, নারীরা নিজেদের মত করে সময় ভাগ করে নিয়ে লাঠি হাতে দিনরাত পাহারা দিচ্ছেন পুরো গ্রামটি। ফলে ২৪ ঘণ্টাই কেউ না কেউ থাকছে পাহারায়। অকারণে রাস্তায় কাউকে বের হতে দেখলে রীতিমতো লাঠি দিয়ে পিটিয়ে ঘরে ফেরত পাঠান তারা।

মহামারির সময়ে গ্রাম থেকে নিজেরা যেমন বের হন না। তেমনি গ্রামে প্রবেশ করতে দেন না বাইরের কাউকে। এমনকি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে গ্রামের সীমানা ও প্রবেশপথ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দু'জন লোক ঠিক করা আছে গ্রামে। সেই দু'জনই গ্রামের বাইরে যেয়ে কেনাকাটা করে আনেন আর পৌঁছে দেন নির্দিষ্ট বাড়িতে।

ভারতে প্রতিদিন সাড়ে ৩ হাজারের উপর প্রাণ যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অথচ চিখালার মত ছোট্ট একটি গ্রামের নারী বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত সুস্থ আছে পুরোটা গ্রামের মানুষ।