মসজিদ থেকে কোরআন চুরি করে বিক্রি করতো তারা
রাশেদুল হাসান কাজল, রাজবাড়ীবাংলাদেশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মসজিদ থেকে ১১টি কোরআন চুরির অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে।
রবিবার (২ মে) উপজেলার সদর ইউনিয়নের সুইচ গেইট বাজার জামে মসজিদে চুরির ঘটনা ঘটে।
আটক দু’জন হলেন-বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের মামুন মোল্লার ছেলে মেহেদী হাসান (১৮) ও পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের আকমদ্দিন মিয়ার ছেলে তাওহিদুল ইসলাম (১৯)। দুজনেই ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার বরিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।
সোমবার (৩ মে) আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র একটি মোটরসাইকেলে করে এসে মসজিদে প্রবেশ করে। এরপর তারা ১১টি কোরআন ব্যাগে করে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা সদর বাজারের দিকে যাওয়ার পথে সুইচ গেইট বাজারের কাপড় ব্যবসায়ী গোলাপ ফকির তাদের আটকে করে। এসময় এলাকার লোকজন মসজিদের ইমাম নুরুল ইসলামকে খবর দেন। পরে ইমাম ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে কোরআন শরীফ চুরির কথা স্বীকার করেন তারা। পরে লোকজন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুই ছাত্রকে পুলিশে কাছে সোপর্দ করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দুজনে প্রায়ই কোরআন শরীফ চুরি করতেন। চুরি করা কোরআনগুলো তারা বিভিন্ন গ্রামে কম দামে বিক্রি করতেন।
তিনি জানান, তারা গত একমাস যাবৎ বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জের মসজিদে ঢুকে কোরআন শরীফ ও অন্যান্য সামগ্রী চুরি করে বিক্রি করার কথা স্বীকার করেছেন।