https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2018/06/ronaldo-1528363039305.jpg

পর্তুগালকে ‘বড় চিন্তা’ করতে বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

খেলা

গত দুটি ম্যাচে তিউনিসিয়া ও বেলজিয়ামের সঙ্গে ড্র করা পর্তুগাল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে আলজেরিয়ার। লিসবনে ম্যাচ খেলেই রাশিয়ার বিমান ধরবে তারা। তার আগে গত বুধবার পর্তুগাল প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দি সোসার কাছ থেকে ফের্নান্দো সান্তোসের দল পেলেন বিদায় সংবর্ধনা। সেখানে রোনালদো দৃঢ়তার সঙ্গে তার আশার কথা জানালেন।

রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর কয়েক দিন বিশ্রামে ছিলেন রোনালদো। আলজেরিয়ার বিপক্ষে একাদশে তার খেলার সম্ভাবনা রয়েছে বেশ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আমি যা নিশ্চিত করতে পারি সেটা হলো আমাদের খেলোয়াড় ও টেকনিক্যাল টিমের সবার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে।’

নিজেদের ফেভারিট না মানলেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন রোনালদো, ‘জানি আমরা ফেভারিটদের মধ্যে নেই, আমাদের বাস্তববাদী থাকতে হবে। কিন্তু ফুটবলে কোনও কিছু অসম্ভব নয়।’

১৬ জুন স্পেনের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। শুরুতেই কঠিন প্রতিপক্ষ, তবে দলকে উজ্জীবিত থাকার কৌশল বলে দিলেন রোনালদো, ‘আমি মনে করি ম্যাচ ধরে ধরে আমাদের পরিকল্পনা করতে হবে। গ্রুপের প্রথম ম্যাচ খুব কঠিন হবে। কিন্তু দলের এই খেলোয়াড়দের নিয়ে আমাদের বড় চিন্তা করতে হবে। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সেরাটা দেবো।’

২০১৬ সালে ইউরো জয়ের মানসিকতা এবারও ধরে রাখতে চান রোনালদো, ‘আমি এটুকু বলতে পারি যে, ফুটবলে সবকিছু সম্ভব এই আশা নিয়ে আমরা একইভাবে (২০১৬ সালের ইউরো) শেষ পর্যন্ত লড়াই করে যাব।’ সেরা পারফরম্যান্সের পুরস্কার পাওয়ার আশা পর্তুগালের শীর্ষ গোলদাতার, ‘আমরা আমাদের সেরা পারফরম্যান্স করব। দেখা যাক, সেখান থেকে আমরা কী পাই।’ গোল ডটকম