প্যারা অলিম্পিকে অংশ না নেওয়ায় হতাশ আফগান অ্যাথলেটরা
ট্রিবিউন ডেস্কখেলা
আগামী ২৪ আগস্ট থেকে জাপানের টোকিওতে শুরু হতে যাচ্ছে প্যারা অলিম্পিক। কিন্তু আফগানিস্তানে চলমান বৈরী পরিস্থিতির কারণে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না দেশটির দুই প্যারালিম্পিক অ্যাথলেট।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
প্যারা অলিম্পিক গেমসের ইতিহাসে আফগানিস্তানের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তায়কোয়ান্দো ক্রীড়াবিদ জাকিয়া খুদাদি। এ উদ্দেশ্যে ট্র্যাক ক্রীড়াবিদ হোসেন রসুলির সঙ্গে বুধবার (১৭ আগস্ট) টোকিও আসার কথা ছিল তার।
আফগানিস্তান প্যারালিম্পিক কমিটির শেফ ডি মিশন আরিয়ান সাদিকি বলেন, “তালেবানরা আফগানিস্তানের অসংখ্য শহরের নিয়ন্ত্রণ নিতে করায় ফ্লাইটের দাম বাড়তে শুরু করেছে।”
তিনি বলেন, "আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছিলাম। অ্যাথলেটরা সাম্প্রতিক ধ্বংসাত্মক পরিস্থিতির আগে প্যারা অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে সত্যিই উন্মুখ হয়েছিল। তাদের প্রস্তুতির কোনো কমতি ছিলো না।"